আবনা ডেস্ক : ইয়েমেনের মা’রিব প্রদেশে গত দুই দিনে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রায় ১৬০ জন সেনা নিহত এবং আরো ৩৭৮ জন আহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র ইয়েমেনের আরবি ভাষার সংবাদ সংস্থা ‘সাবা’কে আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, রাজধানী সানার ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত মারিব প্রদেশের সিরওয়াহ এলাকায় ইয়েমেন বাহিনী সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। ইয়েমেন সামরিক বাহিনীর সহযোগিতায় স্বেচ্ছাসেবী আনসারুল্লাহ যোদ্ধারা কোফেল সামরিক ঘাঁটির কাছে আগ্রাসী জোট বাহিনীর ওপর হামলা চালালে এসব সেনা নিহত হয় বলে ওই সূত্রটি জানিয়েছে।
সৌদি আগ্রাসী বাহিনী জেবেল হিলান এলাকার পাশাপাশি সিরওয়াহ বাজার এবং কোফেল এলাকায় কয়েক দফা বোমা হামলা চালিয়েছে। এছাড়া, সৌদি বাহিনী সিরওয়াহ এলাকায় কয়েকটি ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ইয়েমেনে কথিত পাশ্চাত্যপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে জাতিসংঘের অনুমোদন ছাড়াই গত ২৬ মার্চ থেকে দেশটির ওপর নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি রাজতান্ত্রিক সরকার। ফলে দেশটির শত শত শিশু ও নারীসহ প্রায় ৬ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে।